ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ফের কলম বিরতির ডাক এনবিআর সংস্কার ঐক্য পরিষদের

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ ও সংস্থাটি দুই ভাগ করার কমিটিতে প্রতিনিধি রাখার দাবিতে ফের কলম বিরতির ডাক দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।


এই দুই দাবিতে আগামী সোমবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ‘কলম বিরতি’ কর্মসূচি ঘোষণা করেছে পরিষদের নবগঠিত ৩০১ সদস্যের অ্যাডহক কমিটি।


এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে ১২ মে অধ্যাদেশ জারি করে সরকার। এই অধ্যাদেশ বাতিল দাবিতে গত ১৪ মে ‘কলম বিরতি’ নামে আন্দোলনে নামে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।


ফলে পুরো রাজস্ব আহরণ ব্যবস্থায় অচলাবস্থা সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে গত ২৫ মে কলম বিরতি কর্মসূচি স্থগিত করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সেই আন্দোলন স্থগিতের ২৮ দিন পর আবার আন্দোলনে যাচ্ছে এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার বিকালে রাজধানীর আগারগাঁয়ের এনবিআর ভবনে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন পরিষদের নবগঠিত কমিটির সভাপতি হাছান মোহম্মদ তারেক রিকাবদার ও মহাসচিব সেহেলা সিদ্দিকা।


সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি বলেন, “আগামীকাল রবিবার বাজেট পাসের কার্যক্রম বিবেচনায় নিয়ে এখনই কোনও কঠোর কর্মসূচি দেওয়া হচ্ছে না। আগামী ২৩ জুন (সোমবার) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এনবিআরে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি চলবে।”


সোমবার সকাল ৯টার মধ্যে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ সংস্কার করে এনবিআরকে একটি স্বতন্ত্র ও বিশেষায়িত রাজস্ব এজেন্সি হিসেবে প্রতিষ্ঠার বিষয়ে ঘোষণা না আসলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় সংবাদ সম্মেলনে।


নবগঠিত কমিটির সভাপতি হাছান মোহম্মদ তারেক রিকাবদার বলেন, গত বৃহস্পতিবার রাজস্ব অধ্যাদেশ সংশোধনে এনবিআরের কর ও কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের ছয়জন সদস্য সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কিন্তু কমিটিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনও প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়নি, এমনকি তাদের সাথে কোনও আলোচনাও করা হয়নি।


এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান সংস্কারে অসহযোগিতা করছেন অভিযোগ করে তিনি বলেন, এনবিআর চেয়ারম্যান বিভিন্ন সভায় ও বক্তব্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বৈধতা ও অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন।


এনবিআর চেয়ারম্যানের সমালোচনা করে সংস্কার ঐক্য পরিষদের সভাপতি আরও বলেন, “গত বৃহস্পতিবার আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সামগ্রিক রাজস্ব সংস্কার ভাবনার অংশ হিসাবে ‘কেমন এনবিআর চাই’ শীর্ষক সেমিনার করতে কক্ষ বরাদ্দ চেয়ে লিখিত আবেদন করা হয়।


“কিন্তু অফিস সময়ের পর প্রস্তুতিমূলক সভা আয়োজনের জন্য কক্ষ বরাদ্দ চেয়ে লিখিত পত্র প্রদানের পরও কক্ষ বরাদ্দ প্রদান করা হয়নি। এমনকি অফিস সময়ের পর অধ্যাদেশ সংশোধনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে তাদের মতামত প্রস্তুতের লক্ষ্যে কোনও ধরনের সভা করার জন্যও কক্ষ বরাদ্দ দিতে নিষেধ করা হয়েছে। তিনি বলেন, “এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে দায়িত্বে রেখে রাজস্ব সংস্কার সম্ভব নয়, কারণ তিনি এটি বাস্তবায়ন হতে দিবেন না।”


সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের বিরুদ্ধে প্রতিহিংসামূলক বদলি ও নিপীড়নমূলক ব্যবস্থা নেওয়ার অভিযোগও করেন সংস্কার ঐক্য পরিষদের সভাপতি।

ads
ads
ads

Our Facebook Page

↑